প্রতিজ্ঞা, সত্যি মিথ্যের

তুমি অঙ্ক কষো
আমি রাখবো হিসেবের খাতা
চাল, নুন আর গ্যাসের।
ক্যালেন্ডারে দাগ দিয়ে দেবো
যাতে ভুলে না যাও।
তুমি রান্না করো
আমি বাটনা বেটে দেবো
মিহি করে পোস্ত।
আর সাদা কালো সরষে
একসাথে, আগেভাগে।
তুমি পড়িও ইতিহাস
আমি হবো দারোয়ান
তোমার রাজত্বের।
ছিঁড়তে দেবো না একটাও পাতা
সম্মানের, অসম্মানের।
তুমি সাঁতার কেটো
আমি দাঁড়িয়ে থাকবো
গামছা নিয়ে পুকুর পাড়ে।
স্নান শেষ হলে পরাবো শাড়ি,
টেনে দেবো কুঁচি, টানটান করে।
তুমি ঘুমিয়ে থেকো
আমি বাতাস করবো
অবিরাম হাত পাখায়।
শুধু ইশারা কোরো
টিপে দেবো তোমার পা,
আলতো করে, নিঃশব্দে।
তুমি কবিতা লেখো
আমি গান গাইবো
নিচু গলায়, কানেকানে।
শিশির পড়লে রাগ ভৈরব
আর বর্ষায় মেঘ।