চুপিসারে

প্ল্যানটা কাল সন্ধ্যেবেলার,
চলো সরে পড়ি চুপিসারে কোথাও।
অনেক দূরে, পড়ে থাক সব ঝঞ্ঝাট
রাস্তায়, ফুটপাতে, বহুতলে, পার্কিং প্লেসে,
শপিং মলের অন্ধকার সিঁড়িতে।
কিনেছো জুঁই ফুলের মালা,
মরাল গ্রীবার হাতছানিতে দেখিয়েছো পরা হয়ে গেছে চুলে।
চুল ভরে সুগন্ধ দিয়েছো বৃষ্টির পরে,
সন্ধ্যের রেস্তোরাঁয়,
রাতের স্নানঘরে আর বুকে দুই কিল মেরে সঙ্গম শেষে।
কথা শোন, পড়ে থাক সব ঝঞ্ঝাট, অন্যায়, অশান্তি,
কুটিলতা বা কলঙ্ক।
সাদা ব্যাগটা গুছিয়ে নাও, নিয়ে নাও একটা পেন,
তোমার লাল খাতা, এক ঠোঙা মুড়ি, দুকুচি পেঁয়াজ।
চুপিসারে সরে পড়ি দামোদরের ঘাটে।
দেখেছো তো, চারিদিকে নপুংসক মন,
নিস্তার নেই আমাদের,
নিস্তার নেই সাধের কৃষ্ণচূড়ার,
জুঁইফুলের চিলেকোঠার ছাদে, ল্যাপটপে, মোবাইলে
বরং সব সুগন্ধ উবে যাওয়ার আগে সরে পড়ি চলো,
চুপিসারে।