যদি পারো

মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও।
বাকি সময়গুলো একেবারেই তোমার,
নিজস্ব বৃত্তে নিজস্ব সময়।
তখন তুমি তোমার চিলেকোঠার আকাশ দেখো,
মেয়ের হাত ধরে ফুচকা খেতে যেও,
আঁকিবুকি কেটো লাল রঙের খাতাটায়,
বেদুইন বৃষ্টির সঙ্গে কথা বোলো,
মিছিমিছি মনখারাপ কোরো,
বাজার কোরো, জামাকাপড় কেনো,
মায়ের সঙ্গে গল্প কোরো,
নিজস্ব বালিশে, নিজস্ব সময়মত ঘুমিয়ে পোড়ো।
এসবই তোমার সময়,
এই সময়গুলোতে আমি নেই,
নেই আমার কথার খেলা,
কথার ফেনা, কথার নদী বা সমুদ্র,
এলোমেলো ঝড় আর ঢেউ।
এসবের পরে, যদি পারো,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও।