না কথার কথপোকথন

কথা হল ঠিক তিরিশ সেকেন্ড
ব্যস্ত আছো তুমি,
বললে, কল ব্যাক করবো
বললে, পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা কোরো,
না পেলে কল ব্যাক করো।
কথা রেখেছি, দুমড়ে মুচড়ে শুয়েছি সোফায়
জল দিয়েছি বারান্দার গাছে,
আকাশ পানে তাকিয়ে পড়েছি নামাজ।
ফজর পেরিয়ে মঘরিবে,
মঘরিব পেরিয়ে ঈশায়।
সেই পঁয়তাল্লিশ মিনিটের অপেক্ষাটা
থেকে গেছে, যেন- চিরদিনের,
স্নান সেরে বিছানার পাশে
ঘুম ভেঙে বালিশের তলায়
আর, দিন শেষে অ্যালার্ম ভেঙে।
কথা রেখো, শোনো, কথা রেখো
কল ব্যাক কোরো, তোমার সময়ে
যা বলার বোলো, কানেকানে
বুকে ঠোঁট রেখে, চুল ঘেঁটে।
আমি মরে গেলে জল দিও
বারান্দার গাছে, ভালোবেসে,
কানেকানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *