১।
এমন দিনে তারে বলা যায়,
চলো আজ নামকরণ করি।
ঝালমুড়ি আর ফুচকা পর্বের পর
বসে পড়ি খাতা পেন নিয়ে।
হ'ল তো অনেক দিন
এবার একটা নাম দিয়ে ফেলি,
এবার আমাদের সম্পর্কের একটা নাম দেওয়া দরকার।
বানাতে হবে বিজ্ঞাপন,
একটা নয়, অনেকগুলো বিজ্ঞাপন দেব
টিভি, রেডিও আর ফেসবুকে,
হোর্ডিংও বানাতে হবে।
এতেও না হলে ডুয়েট গাইবো।
এসব কি নাম ছাড়া হয়? বলো?
আমাদের সম্পর্কের একটা নাম দেওয়া দরকার।
২।
এমন ঘনঘোর বরিষায়,
চলো আজ ঢেউয়ের কাছে গিয়ে বসি।
দেখুক না লোকজন – কিচ্ছু যায় আসেনা
নীল শাড়িটাই পরে এসো,
নষ্ট হলেও কিচ্ছু যায় আসেনা,
অনেক আছে তোমার।
জিজ্ঞেস করতে দাও – ফিসফিসও করবে ওরা,
মাঝের দ্বীপ থেকে কেউ কেউ আসবে সাঁতার কেটে।
হাতে হাত ধরে হাঁটতে থেকো।
যেতে যেতে বলে যেও – কোন নাম নেই
সব সম্পর্কের নাম হয়না – নেই আমদেরও।
