আমরা এক মরণে দুইজন মরি,
এমন মরে কয় জনা?
ভোররাতে ঘুম ভাঙলে সটান উঠে বসি,
আধখোলা চোখে দেখি নিজের বালিশ
তোমাকে খুঁজি।
আমার ভোররাত তোমার সকাল
তুমি তখন গরম জলে চা ভিজিয়ে এসেছো বারান্দায়।
তেঁতুলতলা তখন পাখিদের কনফারেন্স
একে অপরের কানে
কিসব বলে চলেছে।
মনে করার চেষ্টা করো কি বলেছিলাম
শেষ কথা?
শেষ বার বাসে ওঠার আগে?
অনন্তকাল ডুব সাঁতারে ক্লান্ত তোমার মুখ
ভেসে ওঠে আমার বালিশে
মুচকি হেসে জড়িয়ে ধরি।
এর পরের ঘুম হয় অনন্তকালের
সকাল পেরিয়ে দুপুর
দুপুর পেরিয়ে রাতের গভীরে।
হাজার মাইল দূরে
তোমার হাতে তখন চিনি ছাড়া চা
আর এক বুক ভর্তি হিংসে।
হিংসে পাখিদের ওপর,
তাদের কথা বলা, ফিসফিস করে
উড়ে যাওয়া একে অপরের কাছে
খুনসুটি করা।
তারপর? তারপর তুমিও হেসো
দেখবেনা কেউ
তবুও মুখ চেপে, আঁচলে।
আমরা এক মরণে দুইজন মরি,
এমন মরে কয় জনা?
