বৃষ্টি থামার অপেক্ষা

বৃষ্টিতে এই দাঁড়িয়ে থাকাটা কাকতালীয় নয়;
ঠিক তিন বছর সাত মাস বাইশ দিন আগে
এখানেই থাকার কথা ছিল,
কথা ছিল, যেন নীল শার্ট পরে আসি।
‘নীলে তোমাকে মানায়,
দাঁড়িও ঠিক জামরুল গাছটার নীচে,
আর জুতো গুলো পালিশ কোরো প্লীজ,
অন্তত আমার সঙ্গে দেখা করতে এলে,
চুলোয় যাও অন্য সময়।’
বলেছিলে তোমার পার্সে যথেষ্ট আছে,
‘শুধু চলে এসো।’
সেই থেকে দাঁড়িয়ে আমি;
জামরুল গাছে আবার নতুন পাতা
এবারের বৃষ্টিতে যেন আরো সুন্দর,
এক ফোঁটাও জল পড়তে দিইনি নীল শার্টে,
পকেট থেকে রুমাল বের করে মুছেছি জুতো।
তিন বছর সাত মাস বাইশ দিন ধরে দাঁড়িয়ে থাকা কাকতালীয় নয়,
জানি তুমি আসবেই,
শুধু বৃষ্টি থামার অপেক্ষা।