আমি: চশমা না পরলে কিছু দেখতে পাইনা
তোমাকেও না, স্বপ্নেও না।
তুমি: তথৈবচ
আমি: একটু ঝড় উঠলেই ভয় করে
সব কিছুতেই পৃথিবীর শেষ দেখি।
তুমি: তথৈবচ
আমি: আজকাল স্কুলের কথা খুব মনে পড়ে
ভালোবাসা আর না ভালোবাসার ক্লাসরুমে
সাপ লুডো বা কিৎ কিৎ খেলা।
তুমি: তথৈবচ
আমি: তোমার কবিতা আমি পড়ে ছিলাম
মনে আছে? না জানিয়ে?
তুমি: তথৈবচ,
এখন তোমার কবিতা আমি লিখি
আর লিখে ছিড়ে দিই চশমা না পরে লিখে
না পড়ার ভান করে।
